পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সাগর নোমানী, রাজশাহী :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে সামরিক বিমানে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনিক এবং পুলিশ কর্মকর্তারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। সংগঠনের সদস্যসচিব আরিফুজ্জামান সোহেলের পক্ষ থেকে তাঁকে অফিশিয়াল ক্যাপ ও গেঞ্জি উপহার দেওয়া হয়।
ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারকও দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মোজাম্মেল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার মোহাম্মদ জিমু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী অনিক, দপ্তর সম্পাদক মো. ওমর আলী রবি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. বাচ্চুসহ বিভিন্ন ইভেন্টের ক্ষুদে খেলোয়াড়রা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ দলীয় ও সরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে সকালে তিনি রংপুরে রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
প্রকাশক: দৈনিক ফুলতলা প্রতিদিন
More related news...